বরিশাল, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীর মৃত্যুর ঘটনায় মারধরের জেরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।
বুধবার সকাল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় নবিশ চিকিৎসক নেতাদের নিয়ে দুই ঘণ্টার সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার রতন কুমার ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে গৌরনদীর করিমন বিবিকে (৬০) সোমবার (১৯ নভেম্বর) স্বজনরা হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে তার মৃত্যু হয়।
এরপর মৃতের ছেলে রাঙ্গামাটি জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মামুনুর রশিদ সেখানে কর্মরত শিক্ষনবিশ চিকিৎসক তন্ময় বড়–য়াকে মারধর করেন। তার দুই মেয়ে গালাগাল দেন।
খবর পেয়ে শিক্ষনবিশ চিকিৎসকরা সেখানে উপস্থিত হলে রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতি হয়।
সহকারী রেজিস্ট্রার আরো বলেন, তন্ময় বিষয়টি লিখিতভাবে পরিচালককে জানিয়েছেন। অভিযোগ পেয়ে হাসপাতালের পরিচালক ফেরদৌস আলম শিবিব কোতোয়ালি মডেল থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
ঘটনার পরপরই হামলাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শিক্ষনবিশ চিকিৎসকরা। তারা টায়ার জ্বালিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং জরুরি বিভাগ ছাড়া সকল বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন।
ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনা কারণে একদল বহিরাগত সন্ত্রাসী ইন্টার্নি চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও পুলিশ একটি সমঝোতা বৈঠকে বসেছিল। কিন্তু দু’ঘণ্টার এ বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪১ ঘ.
bdnews24