২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক জালিয়াতি: পদ্মকুড়ি’র প্রধান নির্বাহী অভিযুক্ত

চেক জালিয়াতির মামলায় শিশুদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান ‘পদ্মকুড়ি’র প্রধান নির্বাহী মো. শহীদুল হক প্রিন্স এবং সমন্বয়ক আবুল কাশেম সোহাগের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক জালিয়াতির মামলায় শিশুদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান ‘পদ্মকুড়ি’র প্রধান নির্বাহী মো. শহীদুল হক প্রিন্স এবং সমন্বয়ক আবুল কাশেম সোহাগের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকনুজ্জামান তাদের অনুপস্থিতিতে এ আদেশ দেন। পাশাপাশি আদালত ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন রেখেছে। মামলার নথি থেকে জানা গেছে, আদালতে হাজির না হওয়ায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম এজিএম আল মাসুদ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পদ্মকুড়ি নৃত্য প্রতিযোগিতার পুরস্কারের চেক নিয়ে প্রতারণার অভিযোগে ২০১০ সালের ১০ মার্চ ‘ক্ষুদে নৃত্য শিল্পী’ শ্রাবন্তী তাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, দেশজুড়ে অনুষ্ঠিত পদ্মকুড়ি নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে শ্রাবন্তী। ২০০৯ সালে বেসরকারি টেলিভিশন বৈশাখী চ্যানেলে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে ১ লাখ টাকা দেয়ার কথা ছিল। পরে ৮৫ হাজার টাকার একটি ব্যাংক চেক দেয়া হলেও মার্কেন্টাইল ব্যাংকের ওই হিসাবে অপর্যাপ্ত তহবিলের কারণে তা ফেরত আসে। এ বিষয়ে কয়েকদফা যোগাযোগ করেও কোনো ফল না পাওয়ায় ওই দুই জনের বিরুদ্ধে প্রতারণার এ মামলাটি করা হয়। শ্রাবন্তীর আইনজীবী বিধান চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেন। শ্রাবন্তী খুলনার রুপসা বাসস্ট্যান্ড এলাকার ১১ নম্বর বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা। অনুষ্ঠানে অংশ নেয়ার সময় সে খুলনার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭০৯ ঘ.