২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই যুবকের চোখ উৎপাটনের অভিযোগ

নোয়াখালীতে ডাকাত সন্দেহে দুই যুবকের চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

নোয়াখালী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ডাকাত সন্দেহে দুই যুবকের চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে মঙ্গলবার এ ঘটনার শিকার দু’জন হলেন মিজানুর রহমান (২৭) ও ইউনুসের (২৬)। তাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান ও ইউনুসের অভিযোগ, তারা দুই বন্ধু চট্টগ্রামে টাইলস মিস্ত্রীর কাজ করেন। কয়েকদিন আগে ধানসিঁড়ি ইউনিয়নে ভূঞারহাট গ্রামে বোনের বাড়ি বেড়াতে আসেন। পাশের গ্রামে একটি ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বোনের স্বামী আলাউদ্দিনকে দিয়ে সোমবার রাতে তাদের ডেকে পাঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম ভূঞা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের চেয়ারম্যানের বাড়িতে আটকে রাখে। সন্ধ্যার পর চেয়ারম্যানের লোকজন ছুরি দিয়ে তাদের চোখ তুলে নেয়। কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বুধবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল আলম ভুঞা বলেন, ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে এনে আটকে রাখা হয়। ওই সময় উত্তেজিত লোকজন তাদের চোখ তুলে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৪৫ ঘ.