২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনের সম্ভাবনা তুলে ধরার আহ্বান মন্ত্রীর

দেশে ও বিদেশে পর্যটন খাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 09:58 AM

Updated : 25 Apr 2022, 09:56 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ও বিদেশে পর্যটন খাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বুধবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ বলতে শুধুমাত্র বন্যা কবলিত দেশ হিসাবে দেখানো হয়। কিন্তু প্রকৃত সত্য তা নয়।

বন্যার কারণে মাটির উর্বরতা বাড়ার বিষয়টি তুল ধরে তিনি বলেন, “মাটিতে পলি জমার কারণে এখন এদেশে বছরে একই জমিতে তিনবার ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং খুব শিগগিরই তা চারে পৌঁছাবে।”

এ বিষয়টি সবার কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। দেশে পর্যটন শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন প্রয়াসের কথাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।

ফারুক খান বলেন, “পর্যটন বিকাশে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে কক্সবাজার ও কুয়াকাটার জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রুপ দিতেও সরকার কাজ শুরু করেছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে চারলেনে উন্নীত করার কাজ চলছে।”

দেশি পর্যটকদের জন্য কক্সবাজার ও কুয়াকাটয় ‘বিশেষ পর্যটন এলাকা’ গঠন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান পর্যটনমন্ত্রী। এসব ক্ষেত্রে বেসরকারি উদ্দ্যোক্তাদের সহযোগিতার করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের পর এআইইউবি’র শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সুন্দরবন থেকে বান্দরবান এবং কক্সবাজার পর্যন্ত দীর্ঘ কেবলকার নির্মাণের জন্য সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্ততারা এগিয়ে এলে কাজটি বাস্তবে রুপ দেওয়া সম্ভব হবে।”

‘বাংলাদেশে পর্যটন বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান ফারহানা আফরোজ।

অন্যদের বক্তব্য রাখেন বিশ্ববিধ্যালয়ের উপাচার্য ড. কারমেন জেড লামাগনা এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৫৫৫ ঘ.