নারায়ণগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে পুলিশের উপর ইসলামী ছাত্রশিবির কর্মীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবারের হামলার ওই ঘটনার পর এ নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনউদ্দিনসহ জামাত-শিবিরের মোট ৬০ জন গ্রেপ্তার করা হলো।
গত সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের ২নং রেলগেইট এলাকায় ঝটিকা মিছিল থেকে শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালায় এবং ওসির পিকআপ ভ্যান ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হন।
হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বাদী হয়ে দুটি মামলা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টোফোর ডটকমকে জানান, জেলা শিবিরের সভাপতি নাসিরুল্লাহসহ ৫ জনকে দ্রুত বিচার আইনের মামলায় ৭ দিন এবং পুলিশের উপর হামলা, সরকারি কাজে ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে ৫ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টোফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৮ ঘ.
bdnews24