২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রদলের শোভাযাত্রায় ছাত্রলীগের হামলা

হামলার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাংচুর করে ছাত্রদল কর্মীরা; আহত হন বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

শাবি, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শোভাযাত্রায় হামলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাংচুর করে ছাত্রদল কর্মীরা। হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারী। জালালাবাদ থানার ওসি গৌছুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করে ছাত্রদল। এ সময় ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ কর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয় শুরু হয়। এ সময় ছাত্রদল কর্মীরা ঢিল ছুড়ে বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাংচুর করে। হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আব্দুল মজিদ, মঞ্জুরুল হক, রমজান আহমদ ও মইন উদ্দিনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, “ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার পর ক্যাম্পাস পরিস্থিতি এখন শান্ত।” বাস ভাংচুরের পর সিলেট শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ‘শান্তিপূর্ণ আনন্দ র‌্যালিতে ছাত্রলীগ অতর্কিতে হামলা চালায়। এতে ৪-৫ জন ছাত্রদলকর্মী আহত হয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামসুজ্জামান চৌধুরী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী শনিবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির জন্য ছাত্রদল র‌্যালির আয়োজন করে। তাই তাদের প্রতিহত করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০১ ঘ.