নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রী রিমির আত্মহত্যায় প্ররোচনাকারী শামীমের গ্রেপ্তার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রলীগ।
পলাতক এই বখাটে যুবকের বাড়ির মালামাল জব্দ করতে আদালতে আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ করে।
ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জীবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহামুদ, থানা ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কায়সার রহমান মুসাসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে ছাত্রলীগ নেতা বদিউজ্জামান সোহাগ কলেজছাত্রী রিমির আত্মহত্যার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পাঁচদিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মানববন্ধনের আগে ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিলও বের করে।
এদিকে সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত শামীমের স্থাবর সম্পত্তি জব্দের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে তার বাড়ির সব সম্পদ ক্রোক করা হবে।
রিমির আত্মহত্যার জন্য দায়ীদের ধরতে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।
পিরোজপুরের রফিকুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম রিমি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় বর্ষে পড়তেন।
গত ১৭ নভেম্বর সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার পথে মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় বখাটে শামীম তার পথরোধ করে। এ সময় সে রিমির হাত ধরে টানা-হেঁচড়া করে এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর বেলা ১১টার দিকে বাসায় ফিরে অপমানে কীটনাশক পান করে আতœহত্যা করেন রিমি।
গত রোববার রিমির পরিবারের সদস্যদের সান্ত¡না দিতে তার গ্রামের বাড়িতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১৫৮ ঘ.
bdnews24