২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জ ও কুমিল্লায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয় আরো দুই যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ ও কুমিল্লায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয় আরো দুই যাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন মহাসড়কের পাগলায় ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত অপর দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফতুল্লা থানার এসআই অশোক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া চারটায় সদর উপজেলার পাগলা সিএনজি পাম্পের সামনে একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়। এঘটনায় আহত অপর দুইযাত্রী নুরুন্নবী ও লিটু ঢালিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ। এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র কুমিল্লা প্রতিনিধি জানান, বিকাল ৩টায় কুমিল্লা রেলস্টেশনে মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়। কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মোহাম্মদ হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশনের ৩ নম্বর লাইনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে জাহাঙ্গীর আলম উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। অন্যদিকে কুমিল্ল¬ার চৌদ্দগ্রাম উপজেলায় সিএনজি অটোরিকশা চাপায় তাহমিদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কালকোট মাদরাসা এলাকায় একটি অটোরিক্সা পথচারী শিশু তাহমিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা টেক্সিচালক হাছানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। নিহত তাহমিদ কালকোট গ্রামের মোল্ল¬াবাড়ির সৌদি প্রবাসী আবদুল হক লিটনের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৬ ঘ.