ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল- ২০১২ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি উপস্থাপন করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে লভ্যাংশ নির্দিষ্ট সময়ে জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কোম্পানির অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল পরিচালনায় গঠিত ট্রাস্টি বোর্ড লভ্যাংশ জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
ট্রাস্টি বোর্ড যদি অব্যাহতভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যর্থতার প্রথম তারিখ থেকে প্রত্যেক দিনের জন্য আরো ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
বিলে বলা হয়েছে, অপরিশোধিত অর্থ বা জরিমানা সরকারি আদেশ অনুযায়ী পরিশোধ করা না হলে তা সরকারি দাবি হিসেবে গণ্য হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, “প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন-২০০৬ প্রণয়ন করা হয়। আইনটি প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি ও বাধ্যবাধকতার অভাবে যথাযথভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১২১ ঘ.
bdnews24