ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ-গ্যাস, জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ করে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বাম মোর্চার নেতাকর্মীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় শিশুপার্কের সামনে তাদের আটকে দেয় পুলিশ।
মিছিলকারীরা তখন সেখানেই বসে পড়ে সমাবেশ শুরু করে। এতে শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে সমাবেশ শেষ করে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সমাবেশস্থল ত্যাগ করে।
বাম মোর্চার অন্য দাবিগুলো হচ্ছে- রাজপথে শিবিরের নৈরাজ্য এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করা।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সমাবেশে বলেন, “কোনো উস্কানি ছাড়াই পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। দমন নিপীড়ন চালিয়ে বাংলাদেশে কখনো আন্দোলন বন্ধ করা যায়নি। ভবিষ্যতেও যাবে না।”
মিছিলে বাধা দিয়ে সরকার ‘গণতন্ত্র পরিপন্থী কাজ’ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, “এক দেশে দুই ধরনের আইন চলছে। একদিকে শিবির রাস্তায় পুলিশের উপর চড়াও হচ্ছে, অন্যদিকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করলে পুলিশ বাধা দিচ্ছে।”
যুদ্ধাপরাধের “বিচারের পরিবর্তে এইক্ষেত্রে রাজনীতি বেশি হচ্ছে” বলেও অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/আরএ/১৫৪০ ঘ.
bdnews24