২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভারতীয় পণ্যসহ আটক ৬, প্রতিবাদে অবরোধ

জয়পুরহাটে যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ শ্রমিক আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করেছে বিক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

জয়পুরহাট, নভেম্বার ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ শ্রমিক আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করেছে বিক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার দুপুর থেকে জেলায় এ সড়ক অবরোধ শুরু হলে শহরের বিভিন্ন সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। আটককৃতরা হলেন বাস চালক আবুল হোসেন, সুপার-ভাইজার আবু তাহের, সহকারী ফিজার হোসেন। তবে চোরাকারবারী সন্দেহে আটক ৩ জনের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন বিজিবি অধিনায়ক। জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী জানান, মঙ্গলবার দুপুরে জেলার পাঁচবিবি উপজেলা শহরের অদূরে একটি বাস থেকে কিছু ভারতীয় মালামাল উদ্ধার করে চোরাকারবারীদের আটক করতে গেলে বাসটির চালক- সহকারীসহ শ্রমিকরা বিজিবি সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যাটালিয়ান কার্যালয়ে ওই টহল দল এ খবর দিলে জয়পুরহাট বিজিবি ফটকে বাসটি আটক করে চালকসহ ৩ পরিবহণ শ্রমিক ও চোরাকারবারী সন্দেহে আরও ৩জনকে আটক করা হয়। এদিকে, জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দুপুরে হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে বিজিবি তল্লাশি চালিয়ে ভারতীয় মালামাল আটক করে। “এ ঘটনায় ওই বাসের সহকারী ও চালকের সঙ্গে বিজিবি সদস্যদের কথা কাটাকাটি হয়।” এক পর্যায়ে বিজিবি সদস্যরা বাসটির বাসটির চালক ও তার সহাকরীকে বাসসহ আটক করে। এ ঘটনার পর বেলা ২টা থেকে জেলার সবকটি রুটে সকল প্রকার যানবাহন চলাচলা বন্ধ রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/১৮০৩ ঘ.