২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত হলেন ১২১৪ জন শিক্ষক

আন্দোলনরত প্রায় দেড় হাজার শিক্ষকের মধ্যে যোগ্যতা অর্জনকারী ১ হাজার ২১৪ জনকে চলতি মাস থেকেই এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১ হাজার ২১৪ জন শিক্ষককে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এমপিওভুক্তির দাবিতে গত এক সপ্তাহ ধরে শহীদ মিনার ও প্রেস ক্লাব এলাকায় অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন ‘এমপিওবঞ্চিত’ এক হাজার ৪৪১ জন শিক্ষক। মঙ্গলবার শিক্ষাভবনে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের মধ্য থেকে ১ হাজার ২১৪ জনকে এমপিওভুক্ত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, চাকরি নেয়ার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় এই শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়নি। কিন্তু পরবর্তীতে যোগ্যতা অর্জন করায় এক হাজার ২১৪ জনের চাকরি এমপিওভুক্ত করা হলো। “চলতি মাস থেকেই তারা এমপিওভুক্ত শিক্ষক হিসেবে বেতন-ভাতা পাবেন”, বলেন মন্ত্রী। বাকিরা যোগ্যতা অর্জন করলে তাদেরও এমপিওভুক্ত করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। এমপিওভুক্ত এই শিক্ষকদের মধ্যে ৮৮৯ জন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার এবং ৩২৫ জন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৪১৫ ঘ.