ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে ইসরায়েলের সহিংসতা বন্ধে ইহুদী রাষ্ট্রটির ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়েছে, “গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলি আগ্রাসনের অবসান হতে হবে এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র থাকতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুসালেম।”
অবিলম্বে গাজার বেসামরিক জনগণের ওপর নৃশংসতা বন্ধের আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
এতে আরো বলা হয়, গত কয়েকদিন ধরে এই হামলায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নতুন করে হুমকির মুখে পড়েছে।
বুধবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের ২৩ জনই শিশু। এছাড়া নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছে। হামলায় আহতের সংখ্যা কয়েকশত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএ/২২৩৯ ঘ.
bdnews24