২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অপরাধের বিচারে ট্রাইব্যুনাল

ঢাকা ও চট্টগ্রামে এই দুটি ট্রাইব্যুনাল স্থাপনের কাজ চলছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইবার অপরাধের বিচারে দেশে প্রথমবারের মতো দুটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। জাতীয় সংসদে সোমবার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে একটি করে দুটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যবহার করে অপরাধও বাড়ছে। নতুন ধরনের এই প্রবণতা ঠেকাতে ইতোমধ্যে আইন হয়েছে। এখন বিচারে গতি আনার জন্য ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হল। আইনমন্ত্রী আরো জানান, একটি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং প্রতিটি বিভাগীয় শহরে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংক্রান্ত ট্রাইব্যুনাল স্থাপন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেলা পর্যায়ে আদালতের সংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “মামলার সংখ্যা বৃদ্ধির অনুপাতে আদালতের সংখ্যা বৃদ্ধি করা হয়। দেশের প্রত্যেকটি জেলায় জেলা জজ সমন্বয়ে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল এবং প্রত্যেক অতিরিক্ত জেলা জজ সমন্বয়ে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে।” মন্ত্রী জানান, বছরে দেশের জেলা জজ আদালতের ব্যয় ১৮১ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে আদালত থেকে বছরে আয়ের পরিমাণ হচ্ছে ৮১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীর সংখ্যা ৪৬ হাজার ৩০ জন। এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, জাতীয় মানবাধিকার কমিশন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও তদারকির জন্য অনুসন্ধান ও তদন্তের ব্যবস্থা গ্রহণ করে। সংসদে জানানো হয়, মানবাধিকার কমিশন ২০০৯ সালে প্রাপ্ত ৭৬টি অভিযোগের মধ্যে ৭২টি, ২০১০ সালে ২০৬টি অভিযোগের মধ্যে ১৬৬টি, গত বছর ৪৫৩টি অভিযোগের মধ্যে ৪০৬টি এবং চলতি বছর এ পর্যন্ত ৫৫৬টি অভিযোগের মধ্যে ৩৮৮টি নিষ্পত্তি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪০ ঘ.