ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেছেন ফিলিপাইনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসার স্বামী আব্দুল মান্নান।
সোমবার দুপুরে মাজেদা-মান্নান দম্পতি দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় কথা বলতে সাংবাদিকরা চাপাচাপি করলে এ ঘটনা ঘটে।
ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে লোক নিয়োগ ও স্বজনপ্রীতির অভিযোগে গত ৩১ অক্টোবর সাবেক রাষ্ট্রদূত মাজেদার বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক মাজেদা ২০১০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর চলতি বছরের জুনে তাকে ফিরিয়ে আনা হয়।
ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা জানান, মাজেদা ও মান্নান কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাদের ঘিরে ধরে দুদকে আসার কারণ জানতে চান। তারা কোনো জবাব না দিয়ে অটোরিকশার দিকে এগিয়ে যান।
কথা বলবেন না কেন- এ প্রশ্ন করে সাংবাদিকরা তাদের আবার ঘিরে ধরলে মান্নান ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও বৈশাখী টেলিভিশনের আলোকচিত্রীকে ধাক্কা দেন।
এ সময় তিনি বলেন, “সাংবাদিকদের আমার চেনা আছে। তোমাদের হাই কমান্ডের সঙ্গে কথা বলবো আমি। তোমাদের আমি দেখে নেব,” বলেন তিনি।
এ ঘটনার পর দুদকের নিরাপত্তা কর্মীরা এসে মাজেদা-মান্নান দম্পতিকে কার্যালয়ের ভেতরে নিয়ে যান। সাংবাদিকরা আবারও তাদের অনুসরণ করলে আরেক সাংবাদিককে ধাক্কা দেন মান্নান।
সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য দুদক আজ তাদের ডাকেনি। ব্যক্তিগত কাজেই তারা কমিশন কার্যালয়ে এসেছিলেন। বের হয়ে এতো সাংবাদিক দেখে ঘাবড়ে গিয়েই উত্তেজিত আচরণ করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এসইউ/১৫৩৫ ঘ.
bdnews24