২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবর থানার ওসিকে গ্রেপ্তারে পরোয়ানা

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে আইনজীবীর করা মামলায় রাজধানীর আদাবর থানার ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে আইনজীবীর করা মামলায় রাজধানীর আদাবর থানার ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন রোববার পুলিশ পরিদর্শক শামীম আর রশীদ তালুকদারকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন। গত ১৩ জুন ওসি এবং ঢাকা মহনগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ইমাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে বসবাসকারী আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ তালুকদার। নথিপত্র সূত্রে জানা যায়, ওই মামলা দায়েরের পর বিচার বিভাগীয় তদন্ত হয়। তদন্তে ওসির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। বাদী ফরিদ আহমেদ রেডিয়েন্ট হাউজিং লিমিটেড কোম্পানির চেয়ারম্যান। তিনি সেখানে পাঁচতলা ভবন নির্মাণ করে বিক্রি করছেন। মামলার আরজিতে বলা হয়, গত বছর ৩১ ডিসেম্বর আদাবর থানার ওসি আইনজীবী ফরিদ তালুকদারের কয়েকজন ব্যবসায়িক শত্রুকে নিয়ে রাজধানীর বায়তুল আমান হাউজিংয়ে বাদীর বাড়ি থেকে তার স্ত্রীকে বের করে দেয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় বাদী আদাবর থানায় মামলা করতে গেলে ওসি তা নেননি বলে অভিযোগ এই আইনজীবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০৩৮ ঘ.