২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদ লাভালিনের স্থানীয় সাব-এজেন্টকে

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের স্থানীয় সাব-এজেন্ট বিসিএল কনসালট্যান্ট লিমিটেডের পরিচালক আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের স্থানীয় সাব-এজেন্ট বিসিএল কনসালট্যান্ট লিমিটেডের পরিচালক আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাকযোগ্য তালিকায় থাকা লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাজ পেতে ঘুষ সাধার অভিযোগ পাওয়ার পরই পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। রোববার সেগুন বাগিচায় কমিশনের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আজিজ সাংবাদিকদের বলেন, “দুর্নীতি তো শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই আছে। বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানেও দুর্নীতি রয়েছে।” কী বিষয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে- জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ করেছে। যেহেতু আমরাও এ প্রকল্পে অংশগ্রহন করেছি, সেই হিসেবে আমরা কিছু জানি কি না, তা জানার জন্যই দুদক থেকে ডাকা হয়েছে।” চলতি সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এর আগে প্রথম দফায় মোট ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রোববার আব্দুল আজিজের আগে জিজ্ঞাসাবাদ করা হয় পদ্মা সেতু প্রকল্পের প্রাকযোগ্য অন্যতম পরামর্শক প্রতিষ্ঠান এ্যাকম কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুস্তফাকে। তিনি দাবি করেন, দুর্নীতিতে যুক্ত থাকার কোনো সুযোগ তাদের ছিল না। “সেতু মূল্যায়ন কমিটির চাহিদা মতো আমরা প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। এর পর পর্দার আড়ালে কী ঘটেছে, তা জানি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/০০০৬ ঘ.