ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রায় ডিসেম্বরে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন এ মামলার উভয় পক্ষের আইনজীবীরা।
মামলায় আসামি পক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম খন্দকার পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত গতিতে এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য নেয়া হচ্ছে। ডিসেম্বর মাসেই মামলার রায় ঘোষণা হতে পারে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসেম্বরেই এ মামলার রায় ঘোষণা করা হবে।
এ পর্যন্ত মামলার ৩৩ সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
রোববার এ মামলায় সাক্ষ্য দেন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান, উত্তরা সেবা ক্লিনিকের মালিক ডা. আবুল হোসেন, আনোয়ার হোসেন (পাইপমিস্ত্রি), আতিকুর রহমান মুন্সী ও তার ছেলে ফয়সাল আহম্মদ।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোতাহের হোসেন তাদের সাক্ষ্য নেন।
সাক্ষ্য গ্রহণের সময় খালাফ হত্যায় ব্যবহৃত পিস্তলটি শনাক্ত করেন এর লাইসেন্সধারী ডা. আবুল হোসেন। তিনি আদালতে দেয়া জবানবন্দিতে বলেন, তার বাসায় ডাকাতির সময় পিস্তলটি ছিনিয়ে নেয় ডাকাতরা।
মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক আতিকুর রহমান মুন্সি আদালতে তার জবানবন্দিতে উল্লেখ করেন, আসামি সাইফুল ও অপর আসামি সেলিম তার বাড়িতে ভাড়া থাকতেন।
তার বাড়ি থেকেই খালাফকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি পুলিশ উদ্ধার করে।
তবে আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আতিকুর রহমান মুন্সির বাড়ি থেকে পুলিশ আসামি সাইফুলের একটি মোটরসাইকেল নিয়ে যায়। তারা তাদের জব্দ তালিকায় তা উল্লেখ করেননি।
যে পিস্তল দিয়ে খালাফ আল আলীকে হত্যা করা হয় তা আদালতে উপস্থাপন করা হয়।
এ নিয়ে মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল বলে নথিপত্রে দেখা যায়।
এ মামলার অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে আদালত।
ওই দিন যারা সাক্ষ্য দেবেন তারা হলেন পুলিশ পরিদর্শক কাজী হানিফুল ইসলাম, মাহাবুবুর রহমান তরফদার, এস কে এম রবিউল ইসলাম, উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন, সহকারী পুলিশ সুপার সাফদার আলী।
রোববার এ মামলার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- আসামি সাইফুল ইসলাম, আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিক।
গত ৩১ অক্টোবর একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলার অপর আসামি সেলিম চৌধুরী পলাতক রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে।
গত ৫ মার্চ রাত ১টার দিকে গুলশানের কূটনৈতিক পাড়ায় ১২০ নম্বর সডকের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সৌদি দূতাবাস কর্মকর্তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৪৭ ঘ.
bdnews24