ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিল থেকে ২৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়প্রস্তাব সম্বলিত চারটি প্রকল্প অনুমোদন করেছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গঠিত ট্রাস্টি বোর্ড।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার বিকেলে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এ অনুমোদন দেয়া হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসব প্রকল্প বাস্তবায়ন করবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- জলাবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ কবলিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরী-মুকরী দ্বীপকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা, পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় পোল্ডারের মধ্যে অবস্থিত খালগুলো পুনঃখনন ও বৃষ্টির পানি সংরক্ষণ করে বেশি ফসল উৎপাদন ও জলাবদ্ধতা নিরসন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নৌ-মন্ত্রী শাহজাহান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সভায় উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিদায়ী আবাসিক প্রতিনিধি দমিনিক বার্গ পরিবেশমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
এ সময় তিনি বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ যে দক্ষতা নিয়ে এ ঝুঁকি মোকাবেলা করছে তার প্রশংসা করেন।
দমিনিক বলেন, এ অর্জনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) পরিবেশ মন্ত্রণালয়ের দক্ষতা বাড়াতে ৭৫ লাখ মার্কিন ডলারের প্রকল্প নিয়েছে। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাছাই শেষ হয়েছে। শিগগিরই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
জবাবে হাছান মাহমুদ বলেন, খাদ্য ও কৃষি সংস্থা সব সময়ই বাংলাদেশকে পরিবেশ ইস্যুতে সহয়তা করে আসছে।
গত জুলাইয়ে ইতালি’র এফএও সদরদপ্তর সফরের ধারাবাহিকতায় ওই প্রকল্প নেয়ায় সংস্থার প্রতিনিধিকে ধন্যবাদ জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24