বগুড়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগাম আলুর দরে কৃষকের মুখে ফুটেছে হাসি। এতে ‘গোস্বা’ থাকলেও একটু ভিন্নরকম স্বাদ নিতে খরচটা তাই মাথায় আনছেন না ক্রেতারা।
নবান্নে পাকড়ি, কার্ডিলাল নামের এই আগাম আলু পাওয়া যাচ্ছে বগুড়ার বাজারগুলোতে। বিক্রি হচ্ছে ১শ’ টাকা কেজি দরে।
কৃষকরা জানিয়েছেন, এতে দুইভাবে লাভবান হচ্ছেন তারা। কারণ দামও বেশি পাওয়া যায়, আবার একই জমিতে আলু কিংবা সরিষা চাষের সুযোগও মিলছে।
বগুড়ার গাবতলী, সোনাতলা, মহাস্থান, শেখেরকোলা এলাকায় চাষীরা অধিক লাভের জন্য এই আগাম আলু চাষ করে থাকে। ফলন কম হলেও দাম দিয়ে পুষিয়ে নেয় কৃষকরা।
মূলত নবান্নকে সামনে রেখেই এই আলুর চাষ করা হয়। এবার ‘দেশি পাকড়ি’ ও কার্ডিলাল জাতের এই আগাম আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আর কৃষকরা পাচ্ছেন কেজিপ্রতি ১শ’ টাকা।
বগুড়া গাবতলী এলাকার আলু চাষী আক্কাছ আলী জানান, বাজারে দাম বেশি পাওয়ার আশায় আগাম এই আলু লাগানো হয়। আশ্বিনের শেষ সময়ে এই আলু লাগালে নবান্নের আগে ফলন পাওয়া যায়।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ এইচ বজলুর রশিদ রাজা জানান, বগুড়ায় এবার পাকড়ি ও কার্ডিলাল জাতের আগাম আলু চাষ হয়েছে ৫শ’ হেক্টর জমিতে। এই আলু প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ করে হলেও দাম দিয়ে পুষিয়ে নিতে পারে কৃষক। তাই অনেকেই এই আগাম আলু চাষ করে।
এই আলু ওঠানোর পর কৃষকরা আবারো ওই জমিতে আলু কিংবা সরিষা চাষ করতে পারে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৩ ঘ.
bdnews24