সাতক্ষীরা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরে কাকড়া ধরার সময় বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন।
নিহত জেলে আজিবর রহমান গাজী (৫০) শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি গ্রামের সোহরাব আলী গাজীর ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, রোববার ভোররাতের কোন এক সময় বনবিভাগের অনুমতি ছাড়াই আজিবর রহমানসহ ৪/৫ জন জেলে সুন্দরবনে কাকড়া ধরতে যায়। তারা সুন্দরবনের কৈখালী স্টেশন আওতাধীন পীরখালী এলাকার একটি খালে কাকড়া ও মাছ ধরছিল।
সকাল ১০টার দিকে একটি বাঘ আক্রমণ করে আজিবরকে টেনে বনের ভিতরে নিয়ে যায়। তার সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে লোকালয়ে ফিরে বনবিভাগ ও এলাকাবাসীদের ঘটনাটি জানায়।
আজিবরকে উদ্ধারের জন্য দুপুরে কৈখালী স্টেশনের কর্মকর্তা এস এম জামাল উদ্দীন বনবিভাগের সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পীরখালী এলাকায় যান। পরে বিকাল ৩টার দিকে বনের ভিতর থেকে আজিবরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২২ ঘ.
bdnews24