বাগেরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাব ও পুলিশের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে।
রোববার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের হরিনটানা ক্যাম্প এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে বলে দুই বাহিনী জানিয়েছে।
র্যাব-৮ ও পুলিশ নিহতদের বনদস্যু মুর্ত্তজা বাহিনীর সদস্য বলে দাবি করেছে।
নিহতদের মধ্যে একজন ফয়সাল (২৮) পিরোজপুর জেলার বাসিন্দা। আরেকজনের পরিচয় জানা যায়নি।
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ও র্যাব-৮ উপ অধিনায়ক মেজর সাব্বির হাসান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানা এলাকায় বনদস্যু মুর্ত্তজা বাহিনীর সদস্যরা রয়েছেন খবর পেয়ে র্যাব ও পুলিশের একটি যৌথদল শনিবার রাতে সুন্দরবনে ঢোকে।
দলটি রোববার সকাল সাড়ে সাতটার দিকে হরিণটানা ক্যাম্প সংলগ্ন চোর্দার খালে ৮/১০ জন মানুষসহ একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু তারা ট্রলারটি না থামিয়ে র্যাব ও পুলিশের উপর গুলি ছোড়া শুরু করে। এ সময় উভয় পক্ষে প্রায় আধ ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।
এক পর্যায়ে ডাকাতরা ট্রলার ফেলে সুন্দরবনে ঢুকে পড়ে। পরে ট্রলার ও সংলগ্ন বন এলাকা তল্লাশি করে ১১টি আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলিবিদ্ধ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৫৩৫ ঘ.
bdnews24