২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবার অংশগ্রহণই দুর্যোগ মোকাবেলার শক্তি’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার নিবেদিত অংশগ্রহণই দুর্যোগ মোকাবেলার মূল শক্তি। রোববার সকালে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক ও যুগোপযোগী করা গেলে জনসাধারণের সেবা পাওয়ার ক্ষেত্র আরো প্রসারিত হবে। “এ কারণে এ প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করার পাশাপাশি কর্মরতদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টিকে আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছি।” “সকলের নিবেদিত অংশগ্রহণই দুর্যোগ মোকবেলায় আমাদের শক্তি”, বলেন তিনি। প্রধানমন্ত্রী সকালে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছানোর পর স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদুল্লাহ তাকে স্বাগত জানান। এরপর জাতীয় সংগীত বাজানো হয় এবং বাহিনীর তিনটি কনটিজেন্ট প্রধানমন্ত্রীকে অভিভাবন জানায়। বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে কুচকাওয়াজ এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজের মহড়াও অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের মূল ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার খোকশা উপজেলায় এবং রাজশাহীর চারঘাটে উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন। এর আগে মুক্তিযুদ্ধে আত্মদানকারী ফায়ার ব্রিগেড সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসনা। ১৯৭১ সালে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় ছাত্র জনতার সঙ্গে ২৫ মার্চ কাল রাতেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ দেন ২৫ জন অগ্নিসেনা। সেই শহীদদের স্মরেণেই মিরপুরে সম্প্রতি এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। শীত মৌসুমে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, নভেম্বর থেকে মার্চ-এপ্রিল মাস পর্যন্ত আগুন লাগার প্রবণতা থাকে। “অনেকে ম্যাচের কাঠি অপচয়ের জন্য চুলা বন্ধ করেন না। সিগারেট খেয়ে ছুড়ে ফেলেন। আমাদের সচেতন হতে হবে। রান্নার পর চুলা নিভিয়ে ফেলতে হবে”, বলেন প্রধানমন্ত্রী। শনিবার গভীর রাতে হাজারীবাগের বৌবাজারে অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “হাজারীবাগে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার ব্রিগেড গেছে। ঘিঞ্জি এলাকা বলে পৌঁছাতে সময় লাগলেও অতি অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।” আগুনে ১১ জনের মুত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “ওখানে কোরোসিন তেল রাখা হতো। কেউ লক্ষই রাখেনি এ বিষয়টি।” ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সদস্যরা তাদের দায়িত্বে আরো দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিতে সচেষ্ট হবেন বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “আপনারা যে কাজটি করেন, তাতে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। দেশের মানুষ আপনাদের প্রতি যে আস্থা রেখেছে তাতে কোনো অবস্থাতেই শৈথিল্য করা যাবে না।” এজন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অগ্নি নির্বাপক কর্মীরা অনেক সময় নিজেরাও আগুনে দগ্ধ হন। তাদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগে ঝুঁকি ভাতা না পেলেও বর্তমান সরকারের সময়ে তা প্রবর্তনের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা। তিনি বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রচলিত পদক প্রদানের সংখ্যা ৫০টিতে উন্নীত করেছি। পদকের সাথে সম্মানী দশ হাজার ও পাঁচ হাজার টাকা থেকে বৃদ্ধি করে যথাক্রমে এক লাখ, পঁচাত্তর হাজার ও পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে।” মিরপুরের এই ট্রেনিং কমপ্লেক্সে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার বিষয়টি উল্লেখ করে সরকার প্রধান জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রটি অন্য কোথাও বড় পরিসরে স্থানান্তর করে একাডেমীতে রূপান্তরিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া ‘ফায়ারম্যানদের’ জন্য উল্লেখযোগ্য সংখ্যক উন্নত মানের ‘ফায়ার স্যুট’ বিতরণের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। “এখন ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের নিরাপত্তা বিধান করে আরো সাহসিকতার সঙ্গে কাজ করতে সক্ষম হবেন”, বলেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “যে কোনো দুর্যোগ-দুর্ঘটনায় আপনারাই প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেন। সাধারণ মানুষ এই প্রতিষ্ঠানটিকে বিপদের বন্ধু ভাবে। দুর্যোগ-দুর্ঘটনায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ভূমিকা পালনের জন্যই এ আস্থা অর্জন সম্ভব হয়েছে।” বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সংসদের প্রথম অধিবেশনেই দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি ফায়ার স্টেশন নির্মাণের ঘোষণা দেয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব কেন্দ্রের কার্যক্রম অগ্নি নির্বাপণে সীমাবদ্ধ না রেখে বড় দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। “২০০৯ সালে বসুন্ধরা সিটিতে অগ্নি দুর্ঘটনার সময় মাত্র একটি পুরনো মইয়ের গাড়ি ব্যবহার করতে দেখে দ্রুত আরো পাঁচটি আধুনিক সুউচ্চ মইয়ের গাড়ি সংগ্রহের ব্যবস্থা করেছি।” নদী পথে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে দুটি রেসকিউ স্পিডবোট এবং খুলনা শিপইয়ার্ড থেকে ৩টি ফায়ার ফ্লোট নির্মাণ করা হয়েছে। ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “নিমতলীর ঘটনার রাসায়নিকের আগুন নির্বাপণের পাঁচটি গাড়ি দেয়া হয়েছে। এখন কেমিক্যাল জাতীয় দাহ্যবস্তুর অগ্নি দুর্ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” প্রায় প্রতিটি দুর্ঘটনায় সাধারণ কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং সরকারের মন্ত্রীরা নিজেরা উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ায় তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৩৫ ঘ.