ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে রোববার বনানী থানায় এই মামলা করেন কমিশনের সহকারী পরিচালক রেভা হালদার।
আসামিরা হলেন- অধিদপ্তরের শিক্ষা স্বাস্থ্য ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর আনোয়ারুল ইসলাম, ব্যুরোর মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার আবু হানিফা, ব্যুরোর সহকারী প্রধান মতিউর রহমান ও শরীফুল ইসলাম এবং অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম।
কমিশন কর্মকর্তারা জানান, আসামিরা পরস্পরের যোগসাজশে ২০০৮-০৯ সালে ডায়েরি ছাপানোর জন্য কাগজ কেনার ভুয়া বিল তৈরি করে ওই অর্থ তুলে আত্মসাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডাব্লিও/এমআই/১৬২৫ ঘ.
bdnews24