চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চাকতাই চালপট্টিতে আগুন লেগে চালের আড়তসহ ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে।
দোকান মালিকদের বরাত দিয়ে অগ্নি নির্বাপণ কর্মীরা বলছেন, এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ২টার দিকে বৈদ্যুতিক গোলোযোগ থেকে চালপট্টির একটি দোকানে আগুন লাগে। এরপর তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সুভাষ দেবনাথ জানান।
তিনি বলেন, ওই এলাকায় কয়েকটি লাকড়ি (চারকোল) ও চটের বস্তার দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৯৪০ ঘ.
bdnews24