২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুভাষ দত্তের শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের শেষকৃত্যানুষ্ঠান শনিবার সন্ধ্যায় পোস্তগোলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 06:41 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের শেষকৃত্যানুষ্ঠান শনিবার সন্ধ্যায় পোস্তগোলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। তার ছোট ভাই বিকাশ দত্ত জানান, এসময় পরিবারের সদস্যরা ছাড়াও চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সর্বস্তরের কলাকুশলিরা উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে ৮২ বছর বয়সে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে নিজের বাড়িতে মারা যান সুভাষ দত্ত। শনিবার সকাল পৌনে ৯টায় তার মরদেহ রামকৃষ্ণ মিশনে নেয়া হয়। সেখান থেকে তার মরদেহ সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। সংস্কৃতিকর্মীদের পক্ষে এখানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন, “সুভাষ দত্ত বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ভাষা ও নতুন ধারার সৃষ্টি করেছেন। তাকে অনুকরণ করা যায় না, অনুসরণ করা যায়। তাকে অনুসরণ করে অনুপ্রাণিত হওয়া যায়।” সুভাষ দত্ত পরিচালিত সুতরাং, আবির্ভাব এবং অরুণোদয়ের অগ্নিসাক্ষী- ছবি তিনটির কথা উল্লেখ করে তিনি বলেন, এই ছবি তিনটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম সুভাষ দত্তকে আখ্যায়িত করেন বিরল প্রতিভাবান চলচ্চিত্রকারদের একজন হিসাবে। শহীদ মিনারে প্রয়াত এই চিত্রনির্মাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, সুভাষ দত্তের স্বপ্ন ছিল অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার। তার এই চেতনাকে বাস্তবায়ন করে তার স্বপ্নপূরণ করতে হবে। সুভাষ দত্ত সম্পর্কে নাট্যকার মামুনুর রশীদ বলেন, “মুক্তিযুদ্ধের পর আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠালগ্নে তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের প্রথম প্রযোজনা কবর নাটকে আমরা একসাথে কাজ করেছি। পরে চলচ্চিত্র অঙ্গনে অধিক মনোনিবেশ করার কারণে মঞ্চে সময় দিতে পারেননি তিনি।” সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের। এই নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “সুভাষ দত্তের শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না। তবে তাকে জীবিত অবস্থায় সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি।” এছাড়া শহীদ মিনারে আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম হানিফ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সুভাষ দত্তকে শেষ শ্রদ্ধা জানান। শহীদ মিনার থেকে দুপুর ১টায় সুভাষ দত্তের মরদেহ শেষবারের মতো তার কর্মস্থল এফডিসিতে নেয়া হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে সর্বস্তরের চলচ্চিত্র কর্মীরা তাকে শ্রদ্ধা জানান। চলচ্চিত্রকার আমজাদ হোসেন প্রয়াত সুভাষ দত্তকে বাংলা চলচ্চিত্রের ‘প্রতীক’ হিসাবে আখ্যায়িত করেন। এফডিসিতে তাকে শেষবারের মতো দেখতে আসা অভিনেতা রাজ্জাক বলেন, “সুভাষ দত্তের মৃত্যুতে দেশ একজন শিল্পী, একজন পরিচালক সর্বোপরি একজন দায়িত্বশীল ব্যক্তিকে হারালো।” জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ বলেন, “সুভাষ দত্ত কৌতুকাভিনেতা হিসেবেও জনপ্রিয় ছিলেন। তার দ্বারাই আমি অনুপ্রাণিত হয়েছি অভিনয়ে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এফএ/এইচএ/০০৩৪ঘ.