ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে ‘স্বপ্ন যাত্রা’ প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে চুড়াইন সাংস্কৃতিক ক্লাবে মুভ মিডিয়া কমিউনিকেশন্স প্রযোজিত ও আহম্মেদ আবিদ পরিচালিত তথ্যচিত্র ‘এবং স্বপ্ন যাত্রী’ প্রদর্শন করা হয়।
এরপর অবয়ব নাট্যদল প্রযোজিত ও শহিদুল হক খান শ্যানন পরিচালিত নাটক ‘ভূমধ্যসাগর’ মঞ্চস্থ হয়।
মুভ মিডিয়া কমিউনিকেশন্স (এমএমসি) এর নির্বাহী পরিচালক মীর মুহাম্মদ হোসাইন ও প্রকল্প সমন্বয়কারী মো. সৌরভ হোসেন, ‘স্বপ্ন যাত্রা’ প্রকল্পের উপদেষ্টা ড. খন্দকার ফারহানা ও ‘ভূমধ্যসাগর’ নাটকের পরিচালক শহিদুল হক খান শ্যানন, চুড়াইন সংস্কৃতিক ক্লাবের সভাপতি মো. আবুল হোসাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল পাঁচটায় মানব পাচার বিষয়ক এক আলোচনার আয়োজন করা হয়।
এ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন, মানব পাচার, অভিবাসী শ্রমিকদের অধিকার, প্রতারিত অভিবাসী শ্রমিকদের পরিবারের ওপর এর বিরূপ প্রভাব ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য দেশের ১১টি জেলায় ‘এবং স্বপ্ন যাত্রী’ প্রদর্শন ও নাটক ‘ভূমধ্যসাগর’ মঞ্চায়ন করা হবে।
জেলাগুলো হলো- চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, পাবনা, সিলেট, রাজশাহী ও টাঙ্গাইল।
এই প্রকল্পে অর্থ সহায়তা দিয়েছে নেদারল্যান্ডসের প্রিন্স ক্লাউস ফান্ড। আর গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এইচএ/২৩৩৬ঘ.
bdnews24