২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দুদলের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদরে শনিবার দু’দলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

লক্ষ্মীপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদরে শনিবার দু’দলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। নুর হোসেন শামীম, লাদেন মাসুম এবং ইছমাইল, আজিজ পক্ষের মধ্যে এ সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। আহত দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম, দুই পুলিশ কনস্টেবল আলী হোসেন ও নুরুল আলমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। তাদের নাম জানা যায়নি। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে নুর হোসেন শামীম-লাদেন মাসুম ও ইসমাইল মোল্লা-আবদুল আজিজ পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সন্ধ্যায় আজিজ ও ইছমাইলের লোকজন নুর হোসেন শামীমের বাড়িতে হামলা চালায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয় বলেও তারা জানান। আবার সন্ধ্যার পর ইছমাইল মোল্লার বাড়িতে শামীম সমর্থকরা পাল্টা হামলা এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় দত্তপাড়া এলাকা এবং স্থানীয় হাটবাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজী আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীমের সন্ত্রাসী বাহিনীর গুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। সদর থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.