বাগেরহাট, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দা নিয়ে খেলার সময় ছোটভাইয়ের শ্বাসনালী কেটে দিয়েছে বাগেরহাটের শিশু তন্ময় তালুকদার (১২)।
হাসপাতালে নেয়ার পথে তার ছোটভাই আরাফাত তালুকদারের (৫) মৃত্যু হয়।
শনিবার সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এরা ওই গ্রামের সেলিম তালুকদারের ছেলে। তন্ময় রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
শিশুদের চাচা জাকির তালুকদার তন্ময়ের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে আরাফাতকে নিয়ে তন্ময় বাড়ির বাগানে খেলছিল। তার হাতে ছিল ধারালো দা। দা দিয়ে কলাগাছ কাটার চেষ্টা করছিল সে। কলাগাছে কোপ দেয়ার সময় দায়ের কোপটি গিয়ে পড়ে পাশে দাঁড়ানো আরাফাতের গলায়।
এতে তার শ্বাসনালী কেটে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় তারা কোনো অভিযোগ করবেন না বলে জানান।
শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24