নারায়ণগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে গোপালদী পৌর এলাকায় ফাতেমা বেগমের (২৭) লাশ পাওয়া যায়। ফাতেমা উপজেলার ইসলামপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
তিনি স্থানীয় একটি পাওয়ার লুম কারখানায় কাজ করতেন। এ ঘটনার পর স্বামী দেলোয়ার পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার উপ-পরির্দশক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ফাতেমার শোবার ঘরে লাশ দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই আব্দুল মিয়া বলেন, ছয় মাস আগে গোপালী বাজারের শ্রমিক নরসিংদীর দেলোয়ারকে পছন্দ করে বিয়ে করেন ফাতেমা। এরপর থেকে তারা গোপালদী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
তবে বিয়ে পর থেকে স্বামীর সঙ্গে তার ঝগড়া হতো বলে তিনি শুনেছেন বলে পুলিশকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24