২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু মেঘকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ বন্ধের দাবি

প্যারিসভিত্তিক এই সংগঠনটি দাবি করছে, গত কয়েক সপ্তাহ ধরে র‌্যাব নিহত সাগর-রুনির একমাত্র শিশু সন্তান মেঘকে জিজ্ঞাসাবাদের মধ্যেই তাদের তদন্ত কাজ সীমাবদ্ধ রেখেছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র শিশু সন্তান মাহির সরওয়ার মেঘকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার প্যারিস ভিত্তিক এই সংগঠনটি দাবি করছে, গত কয়েক সপ্তাহ ধরে র‌্যাব সাংবাদিক দম্পতির একমাত্র শিশু সন্তান মেঘকে জিজ্ঞাসাবাদের মধ্যেই তাদের তদন্ত কাজ সীমাবদ্ধ রেখেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “বাবা-মায়ের হত্যাকাণ্ড দেখে মানসিক আঘাত পাওয়া ছয় বছরের একটা শিশুকে জিজ্ঞাসাবাদ করা অবৈধ, অমানবিক এবং যাবতীয় যুক্তির বাহিরে।” গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের ফ্ল্যাটে সাগর ও রুনি খুন হওয়ার সময় মেঘও ওই বাড়িতে ছিল। ওই হত্যাকাণ্ডের আট মাস পর এতে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তারের কথা জানায় সরকার, যাদের প্রায় সবাই চিহ্নিত অপরাধী। মামলার তদন্ত কাজ থেকে র‌্যাবকে সরানো এবং এর জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছে সংগঠনটি। সংগঠনটি জানায়, গত ৩১ অক্টোবর র‌্যাব মেঘকে র‌্যাব হেড কোয়ার্টারে নিয়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও ডাক্তার সতর্ক করেছিল- এ ধরনের জিজ্ঞাসাবাদ শিশুটির মানসিক ও শারিরীক ক্ষতি করবে। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হওয়ার পর থেকে সাংবাদিকরা এতে জড়িতদের গ্রেপ্তার দাবিতে আন্দোলন করে আসছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তারের কথা বললেও তার মধ্যে কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। গোয়েন্দা পুলিশ ব্যর্থতা স্বীকার করার পর আদালতের নির্দেশে এর তদন্তের দায়িত্বে আসে র‌্যাব। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জানান, এ হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে সনাক্ত করা হয়েছে। তার মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতিতে বলে, “সাংবাদিক সমাজ হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে সরকারের ওপর আস্থা হারিয়েছে ফেলেছেন। স¦রাষ্ট্রমন্ত্রী খুনের সঙ্গে জড়িত বলে যে কয়জনের নাম বলেছে তারা আসলেই জড়িত কিনা সে ব্যাপারে সাংবাদিকরা সন্দিহান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এফএ/এসইউ/০০২৩ ঘ.