কুমিল্লা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় পর সুস্থ হয়ে ওঠা ইয়ামিন (৫) এখন বাড়ি ফেরার প্রতীক্ষায় রয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে।
তিন মাস আগে দুর্ঘটনায় মাকে হারিয়ে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হয় ইয়ামিন। কিন্তু এ সময়ে কোনো স্বজন তার খোঁজ নিতে আসেনি।
শিশুটি তার বাড়ির ঠিকানা বলতে না পারার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে স্বজনদের কাছে ফিরিয়েও দিতে পারছে না।
ফলে প্রতিটি দিন ইয়ামিন হাসপাতালের বিছানায় শুয়ে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে কখন তার বাবা এসে তাকে বাড়ি নিয়ে যাবে।
কুমিল্লা জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়ামিন তিন মাস আগে তার মা তাশনূরের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। ওই দুর্ঘটনায় তার মায়ের মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে কুমেক হাসপাতালে নিয়ে আনার পর অর্থোপেডিক্স বিভাগেই তার চিকিৎসা হয়। ইয়ামিন এখন বাড়ি যাবার মতো সুস্থ বলে জানান আজিজুর।
হাসপাতাল কর্তৃপক্ষকে ইয়ামিন জানায়, তার বাড়ি ঢাকায়। তবে কোন জায়গার তা সে বলতে পারে না। তার বাবার নাম রফিক। বড়ভাই আল-আমিন গার্মেন্টসে কাজ করে। আরেক ছোটভাইয়ের নাম সিয়াম। রুবিনা ও সেলিনা নামে ইয়ামিনের দুই বোন আছে।
হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক লিটন কুমার রায় সাংবাদিকদের বলেন, তারা চেষ্টা করছেন শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।
শিশুটির প্রকৃত অভিভাবকদের প্রমাণসহ ০১৮১৯-৮২৪০১০ ও ০১৮১৯-৬১৫৪২২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৮ ঘ.
bdnews24