সাভার, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বৃহস্পতিবার রাতে পাঁচশ’ বোতল ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে র্যাব।
এ সময় মাদক ব্যবসায়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তাররা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের মিনার হোসেন (২৮), খুলনার খালিশপুরের গুবরবয়রা গ্রামের জাকির হোসেন (২৭) ও চাপাঁইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট গ্রামের মো. তৌফিক (৩৫)।
র্যাব-৪ নবীনগর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহসিন সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে নিরিবিলি বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়।
এ সময় মাইক্রোবাসে তল্লাশি করে ৫শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র্যাবকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24