নারায়ণগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুক্রবার ভোরে ডাকাতির সময় জনতা একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
একই সময় পিটুনিতে আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সদর ইউনিয়নের সুলপিনা এলাকায় এই ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত হয়েছে এক ইউপি সদস্যসহ চারজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ইউপি সদস্য সালাউদ্দিন মিয়ার বাড়িতে ডাকাত ঢুকে নগদ ১৬ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, ৭টি মোবাইল ফোন সেটসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে।
ডাকাতি শেষে পালানোর সময় পরিবারের লোকজন বাধা দিলে ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালানের চেষ্টা করে।
এ সময় দুই ডাকাতকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৮ ঘ.
bdnews24