গাজীপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কম্পোজিট কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার উপজেলার গিলাবেরাইদে ‘সাহারিকা কম্পোজিট টাওয়েল লিমিটেড’র উৎপাদন বন্ধের নির্দেশের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েও ইটিপি নির্মাণ সম্পন্ন না করে গোপনে উৎপাদন শুরু করে। ২০১০ সাল থেকে তারা উৎপাদনে ছিল। পরিবেশ আইনে এটি লাল শ্রেণিভুক্ত অপরাধ। তাই কারখানাটির উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুস সালাম সরকার এবং পরিচালক জাহাঙ্গীর হোসেনকে পরিবেশ অধিদপ্তরে তলব করে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কারখানা কর্তৃপক্ষ এর দায়-দায়িত্ব স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং উৎপাদন বন্ধ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪৪ ঘ.
bdnews24