ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বৈঠকে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণভবণে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন সন্ধ্যা ৬টায় এই বৈঠক শুরু হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জামায়াত-শিবিরের হামলা এবং এ ঘটনার দায় নিতে বিএনপির অস্বীকৃতি জানানোর পর আওয়ামী লীগের অবস্থান নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে।
বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মসূচির দায় তাদের, এর জবাবদিহিতা তারাই করবে।
এর সঙ্গে বিএনপিকে জড়ানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯৫২ ঘ.
bdnews24