বরিশাল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কীর্তনখোলার পাড়ে কয়েকশ’ মানুষ সমবেত হয়ে নিহতদের স্মরণ করে। এ সময় প্রলয়ঙ্করী ওই ঝড়ের চিত্রও উঠে আসে অনেকের স্মৃতিচারণে।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টায় দেশের দক্ষিণ উপকূলজুড়ে আঘাত হানে সিডর। ঝড় আর জলোচ্ছ্বাস নিয়ে তাণ্ডবে ধ্বংসের চিহ্ন রেখে যায় গোটা জনপদজুড়ে।
ওই ঝড়ে প্রাণ হারায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ। গৃহহীন হয় ৭৭ হাজার ৭৫৪টি পরিবার।
একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বের দেশগুলোকে দায়ী করা হয়। জলবায়ু পরিবর্তন রোধে শিল্পোন্নত দেশগুলো কার্যকর ভূমিকা রাখছে অভিযোগ করে শরীরে কাফনের কাপড় জড়িয়ে তার প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে উন্নত বিশ্বের দেশগুলোর প্রতি কয়েকটি দাবিও তুলে ধরা হয় ওই সমাবেশ থেকে। সেগুলোর মধ্যে সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা বিবেচনা করে কার্বন নিঃসরণ কমিয়ে আনা, জলবায়ু বাস্তচ্যুতদের উন্নত বিশ্বে অভিবাসনের অধিকার দেয়া, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল সহায়তা ইত্যাদি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১০ ঘ.
bdnews24