ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে আগামী সপ্তাহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ পুনরায় শুরু হচ্ছে।
কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নিয়ে দুদকের তদন্ত দল ইতোমধ্যে অনেক তথ্য সংগ্রহ করেছে। এগুলোর ওপর ভিত্তি করেই এ বিষয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।”
গত বছর সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে এ প্রকল্পের সবচেয়ে বেশি অর্থদাতা সংস্থা বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে। এরপর থেকে ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে দুদক।
এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, সাবেক যোগাযোগন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও অভিযুক্ত কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তাসহ মোট ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
সর্বশেষ গত ৪ নভেম্বর দুদক কর্মকর্তাদের মুখোমুখি হন মসিউর রহমান।
গত জুনে ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানা উদ্যোগে গত সেপ্টেম্বরে শর্তসাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।
তারই অংশ হিসাবে দুদকের তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল অক্টোবরে ঢাকা ঘুরে যায়। ডিসেম্বরে দ্বিতীয় দলটির আসার কথা রয়েছে।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, “বিশ্ব ব্যাংকের প্যানেল থেকে পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে কোনো তথ্য দেয়া না হলেও তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/১৮৩০ ঘ.
bdnews24