২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে আবারো পুলিশ পরিচয়ে ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রূপসী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ফাহিম টেক্সটাইল মিলের মালিক আরিফ হোসেন ও আবু খাঁন বলেন, যমুনা ব্যাংকের রূপসী শাখা থেকে ১০ লাখ টাকা তুলে রিকশায় বাগাবাড়ী যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সঙ্গীসহ তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। তাদের হাতে পিস্তল ধরিয়ে দিয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকিও দেয় মাইক্রোবাস আরোহীরা। পরে তাদের দু’জনকে ভুলতার নান্নু টেক্সটাইল মিলের সামনে নিয়ে সঙ্গে থাকা ১০ লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে দুজনকে গাড়ি থেকে নামিয়ে দেয়। মাইক্রো আরোহীদের সঙ্গে হাতকড়া, পিস্তল ও লাঠি ছিল বলেও তিনি জানান। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুণ্ঠিত টাকা উদ্ধার ও ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই কায়দায় তিনমাস আগে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাজী এখলাছউদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ ভুঁইয়ার কাছ থেকে ১৯ লাখ টাকা লুটে নেয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় মুড়াপাড়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮০৪ ঘ.