সাভার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোখলেসুর রহমান (৩৮) সাভারের ডগরমোড়া মহল্লার বাসিন্দা কাজী মোজাম্মেল হকের ছেলে। তিনি স্থানীয় ক্লিনিক ‘হক মেডিকেল হল’র মালিক।
বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন।
তিনি বলেন, হক মেডিকেল হলে চিকিৎসা নিতে গিয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সাভারের চাপাইন এলাকার বাসিন্দা কেওয়াজান বিবির (৬০) ঘন ঘন বমি ও পাতলা পায়খানা হলে বুধবার বিকালে তাকে হক মেডিকেল হলে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ক্লিনিকের মালিক ও চিকিৎসক মোখলেসুর রহমান রোগীকে একটি ইনজেকশন দিয়ে তার দেহে একটি স্যালাইন লাগিয়ে দেন।
এরপর থেকেই কেওয়াজান বিবির শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টি চিকিৎসক মোখলেসুরকে জানানো হলেও তিনি রোগীর ছেলে হবুকে আশ্বস্ত করে বলেন, “ওষুধটি অনেক কড়া। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।”
“কিন্তু রোগীর অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কেওয়াজানকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় রাতেই হবু বাদী হয়ে থানায় মামলা করেন বলে জানান এসআই সাজ্জাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৭২১ ঘ.
bdnews24