ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্থানান্তরিত হওয়ার পর এবার জনশক্তি রপ্তানির প্রধান দপ্তর ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)’ কিছু কার্যক্রমও ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে স্থানান্তর হচ্ছে।
এর অংশ হিসেবে প্রাথমিকভাবে বিএমইটির প্রবাসী কল্যাণ তহবিলের দপ্তর প্রবাসী কল্যাণ ভবনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি স্থানান্তরের পাশাপাশি বিএমইটির ওয়ান স্টপ সার্ভিসও একই ভবনে নিয়ে যাওয়া হবে।
স্থানান্তর প্রক্রিয়া শুরুর কথা স্বীকার করে বিএমইটির মহাপরিচালক শামসুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবাসী কল্যাণ তহবিল এবং বিদেশগামী কর্মীদের দ্রুত সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম চলবে প্রবাসী কল্যাণ ভবনে। এটি আগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তফসিলে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ভবনটি কেনা হয়েছে এই কল্যাণ তহবিলের অর্থে। এজন্য এর কার্যক্রম ওই ভবনে নেয়া হবে। সেখানেই এ দুটি সেবা পাবেন বিদেশ যেতে আগ্রহীরা।
এদিকে সরকারি জমির ওপর নিজস্ব আটতলা ভবন থাকার পরও সংস্থাটির একটি অংশকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘পুরো বিএমইটিকেই মন্ত্রণালয়ে ঢোকানোর পরিকল্পনা’ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে সরকারি কর্মী এবং বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে।
বিএমইটির কর্মকর্তা ও কর্মচারী এবং এ খাতের কর্মচারীদের সংগঠন ‘রিক্রুটিং এজেন্সিজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (রাইয়াব)’ নেতাদের অভিযোগ, নিজস্ব জমি থেকে সংস্থাটির দপ্তর স্থানান্তর করে মন্ত্রণালয়ের সংরক্ষিত এলাকায় নেয়া হলে এর কার্যক্রম গতিশীলতা হারাবে। জনশক্তি রপ্তানি বাড়ানোর সরকারি উদ্যোগও ব্যাহত হবে।
তারা বলছেন, কল্যাণ তহবিল স্থানান্তরের পাশাপাশি ‘ওয়ান স্টপ সার্ভিস’ সরানোর মাধ্যমে ভিসা যাচাই-বাছাই করে বহির্গমণ ছাড়পত্র দেয়া এবং বিদেশে নিহত কর্মীদের দাফনসহ সহায়তা কার্যক্রমও ইস্কাটনে স্থানান্তর করা হবে।
জনশক্তি রপ্তানিকারক, এ খাতের কর্মচারী এবং বিএমইটির কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও বিএমইটি স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবের কাছে দাবি জানানো হয়েছে।
গত ১৭ অক্টোবর বিএমইটি নন-গেজেটেড সরকারি কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বিএমইটি স্থানান্তর না করতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাদের এ দাবি নাকচ করে দিলে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মোজাম্মেল হক।
১৯৮৪ সালে কাকরাইল মোড়ে সরকারি জমির ওপর বিএমইটির দপ্তর স্থাপন হয়। নিজস্ব ভবনে দীর্ঘদিন ধরে এ সংস্থাটির কার্যক্রম চলছে। বিদেশ যেতে আগ্রহী কর্মীদের ভিসা যাচাই-বাছাই করে বহির্গমণ ছাড়পত্র দেয়া, কর্মীদের কল্যাণ ফি জমা, জনশক্তি খাত নিয়ে গবেষণা, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র নিয়ন্ত্রণ এবং বিদেশে নিহত কর্মীদের দাফনসহ সহায়তা কার্যক্রম পরিচালিত হয় এ দপ্তর থেকেই।
রাইয়াবের সাংগঠনিক সম্পাদক এসএম রফিকুল ইসলাম বলেন, “এতোদিন কোনো রকম সমস্যা হয়নি। তারপরও ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে বিএমইটিকে। এতে কাকরাইলের জমিটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।”
তার মতে, বিএমইটিকে মন্ত্রণালয়ে নেয়া হলে এর স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হবে।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বিএমইটির মহাপরিচালক শামসুন নাহার বলেন, “কল্যাণ তহবিল ও ওয়ান স্টপ সার্ভিস স্থানান্তর হলেও বিএমইটির কার্যক্রম কাকরাইলের ভবনেই থাকবে। এখান থেকে বিএমইটি সরানো হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/জেকে/১৭২০ ঘ.
bdnews24