২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান থাকায় পাকিস্তান সফর বাতিল

ইচ্ছা থাকা সত্ত্বেও অন্য কর্মসূচি থাকায় ইসলামাবাদে ডি-এইট সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিতে পারছেন না বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের কারণেই ডি-এইট সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তান যেতে পারছেন না বলে জানানো হয়েছে। উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইটের এই সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। তবে ইসলামাবাদে ২২ নভেম্বরের ওই সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন না বলে গত ১২ নভেম্বর সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রকাশ করে। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের কাছে নিঃশর্ত ক্ষমা দাবির পর দেশটিতে প্রধানমন্ত্রীর এই সফর বাতিল নিয়ে বিভিন্ন আলোচনা ওঠার বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর ব্যাখ্যা দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডি-এইট সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছা থাকলেও ‘শিডিউল জটিলতার’র কারণে তাতে অংশ নিতে পারছেন না প্রধানমন্ত্রী। “ডি-এইটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই সম্মেলনে অংশ নেয়ার ইচ্ছা ছিল। কিন্তু তিনি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা দিয়ে রেখেছিলেন। আর ওই অনুষ্ঠানে অংশ নিয়ে ডি-এইট সম্মেলনে যোগ দিতে পরদিন সকালেই ইসলামাবাদ পৌঁছা তার জন্য অসম্ভব হত।” প্রধানমন্ত্রীর পক্ষে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডি-এইট সম্মেলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্ত হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৯ সালে পাকিস্তান সফর করেছিলেন শেখ হাসিনা। দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিলে তা প্রশমনে ওই সময় দুটি দেশই সফর করেছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের বর্তমান আমলে এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বেশ সীমিত পরিসরেই রয়েছে। এর মধ্যেই গত ৯ নভেম্বর ঢাকা সফরে আসেন হিনা রাব্বানি। তার সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। হিনা রাব্বানি সরাসরি উত্তর এড়িয়ে অতীত পেছনে ফেলে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা প্রকাশ করেন। বাঙালিদের স্বাধীনতার আকাক্সক্ষা দমিয়ে রাখতে একাত্তরে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যায় নিহত হন ৩০ লাখ মানুষ, ধর্ষিত হন অসংখ্য নারী। হিনা রাব্বানির সফরের পর পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন তাদের সম্পাদকীয়তে বাংলাদেশে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১০ ঘ.