২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো সংলাপ নিয়ে বিবিসি

রোববার থেকে ‘বিবিসি বাংলাদেশ সংলাপের’ মোট ৬০টি পর্ব প্রচারিত হবে বিবিসি বাংলা রেডিও এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আইয়ে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক নেতা ও নীতি নির্ধারকদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে আবারো সংলাপের আয়োজন করছে বিবিসি। রোববার থেকে ‘বিবিসি বাংলাদেশ সংলাপের’ মোট ৬০টি পর্ব প্রচারিত হবে বিবিসি বাংলা রেডিও এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আইয়ে’। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা সার্ভিসের একটি যৌথ উদ্যোগ। এবারের আয়োজন সম্পর্কে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, “আজ থেকে শুরু হতে যাওয়া বিবিসি বাংলাদেশ সংলাপের এই আয়োজন দেখতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমার বিশ্বাস, ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মাধ্যমে এবারো সাধারণ মানুষ নিজেদের প্রশ্নগুলো তাদের নেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবে।” বিবিসি বাংলা’র সম্পাদক সাবির মুস্তফা জানান, সমসাময়িক বিষয়-ভিত্তিক অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ সংলাপ ছিল এদেশের টিভি মাধ্যমের জন্য যুগান্তকারী এক প্রয়াস। বিবিসি বাংলা রেডিও’র ফোন-ইন প্রোগ্রাম ও ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা অনুষ্ঠানের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বিবিসি বাংলাদেশ সংলাপ-এর দেড়শ’রও বেশি পর্ব প্রচারিত হয়েছিল যা টেলিভিশন ও রেডিওর মাধ্যমে বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি রোববার রাত ৮টায় বিবিসি বাংলা রেডিওতে সংলাপ প্রচারিত হবে এবং পুনঃপ্রচার হবে প্রতি মঙ্গলবার রাত ৮টায়। চ্যানেল আই’তে অনুষ্ঠানটি দেখা যাবে প্রতি সোমবার রাত ৭টা ৫০ মিনিটে এবং পুনঃপ্রচারিত হবে প্রতি মঙ্গলবার সকাল ৫টা ও দুপুর ৩টা ৫মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৬০১ ঘ.