২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিএর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভুয়া কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আট কমকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আট কমকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. আমীরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান। আসামিরা হলেন- বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী) এসএম মাশুকুল আলম, নির্বাহী প্রকৌশলী (সাবেক সহকারী প্রকৌশলী) সুলতান আহমেদ খান, সহকারী প্রকৌশলী এ এস এম মাশরেকুল আরেফিন, উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, গণেশ চন্দ্র শীল, মো. আব্দুল মান্নান ও এ কে মোহাম্মদ আলী বকাউল, কারিগরী সহকারী মো. ইকবাল হোসেন এবং মেসার্স বঙ্গ ড্রেজার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ ও চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এজাহারে বলা হয়, বিআইডব্লিউটিএর ওই আট কর্মকর্তা ও বেসরকারি ড্রেজিং সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা পরস্পর যোগসাজশে ২০১০-১১ অর্থবছরে মংলার ঘোষিয়াখালী খাল ও কুমারখালী নদীর ঘোষিয়াখালী-বেতবুনিয়া নৌরুট এবং মাওয়া-চর জানাজাত ফেরিঘাটের ১২টি এলাকায় মোট চার লাখ ৭০ হাজার ২৮৭ দশমিক ৪৩ ঘনমিটার মাটি খনন করে। কিন্তু অভিযুক্তরা আট লাখ ৪৭ হাজার ১৮৮ ঘনমিটার মাটি খননের হিসাব জমা দেয়। প্রণব কুমার ভট্টাচার্য বলেন, “এভাবে তিন লাখ ৭৬ হাজার ৯০০ ঘনমিটার অতিরিক্ত মাটি খননের ভুয়া হিসাব দেখিয়ে অভিযুক্তরা সরকারের তহবিল থেকে মোট তিন কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা আত্মসাত করেন।” তদন্তে এই অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় ওই ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডাব্লিউ/এইচএএইচ/জেকে/১৫১৫ ঘ.