অলীপ ঘটক
, শরণখোলা থেকে ফিরে
বাগেরহাট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর পাঁচ বছরের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন বাগেরহাটের শরণখোলার কৃষকরা।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এক দিকে যেমন তাদের সব কিছু কেড়ে নিয়েছে, অন্য দিকে টিকে থাকার তাড়না এই কৃষকদের শিখিয়েছে- কী করে জমিকে আরো ফলবন্ত করে তোলা যায়।
উপজেলা কৃষি অধিদপ্তরের মাঠকর্মীরা বলছেন, শরণখোলা উপজেলার বিপর্যস্ত কৃষকরা গত পাঁচ বছরে নিরলস পরিশ্রম করে এক ফসলি জমিকে দোফসলি এমনকি তিন ফসলি জমিতে রূপান্তর করেছেন। অভূতপূর্বভাবে এই এলাকার কৃষকরা ধান ছাড়াও সবজিসহ অন্যান্য খাদ্যশস্যও উৎপাদন করছেন এখন।
এই এলাকায় এ বছর রোপা আমনের বাম্পার ফলন আশা করা হচ্ছে। কৃষকদের মুখে ফুটেছে চাঁদের হাসি।
শরণখোলার কৃষক পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগে কখনো বোরো বা আউশ ধান চাষের কথাই ভাবেননি। আর এখন সেখানকার মাঠে বোরো আর আউশ ধানের শীষ বাতাসে দোল খায়।
পাশাপাশি সূর্যমুখী, ভুট্টা ও তিলের মতো ফসলও সেখানে চাষ হচ্ছে, পাঁচ বছর আগে যা ছিলো কৃষকের স্বপ্নেরও বাইরে।
শুধু তাই নয়, উপজেলার প্রায় দশ হাজার কৃষকের হাত ধরে প্রতিবছরই বাড়ছে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন। বাড়ছে আলু, মুগ ডাল, গম ও নানা ধরনের শীতকালীন সবজির উৎপাদন।
কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিডরের পর গত পাঁচ বছরে শরণখোলার তিন হাজার হেক্টর জমি দুই ফসলি ও পাঁচশ হেক্টর জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। সিডরের বিপর্যয় না ঘটলে এতো দ্রুত তাদের কৃষি অভ্যাসে এই পরিবর্তন আনা সম্ভব হতো না বলেই মনে করেন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউল আলম।
তিনি জানান, এ বছর শরণখোলায় ২৪ হাজার টন রোপা আমন উৎপাদনের আশা করা হচ্ছে, যা উপজেরার ইতিহাসে সর্বোচ্চ। ২০১০ সালে এই এলাকায় এখানে একুশ হাজার পঞ্চাশ টন রোপা আমন উৎপাদিত হয়েছিল।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরণখোলায় মোট কৃষি জমির পরিমাণ নয় হাজার ২৫০ হেক্টর। সিডরের আগে এখানকার কৃষকরা শুধু রোপা আমন চাষ করতেন। বছরের অন্য সময় ধানের জমি পতিত পড়ে থাকত। সামান্য কিছু আলু, গম, মুগ ডাল ও শীতের সব্জির চাষও হয়েছে শরণখোলার মাঠে।
“২০০৭ সালের সিডরের পর সরকারি-বেসরকারি উদ্যোগে কৃষি পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে এখানকার কৃষক যেন জেগে উঠেছে।”
দক্ষিণ সাউথখালী গ্রামের কৃষক মো. সোবাহান খান ও দুলাল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগে কখনো এলাকায় বোরোর চাষ করতে দেখিনি। সিডরের পর এখন আমার তিন একর জমিতে বোরো ধান চাষ করে ভালো ফলন পাচ্ছি।
খোন্তাকাটা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, তিনি আগে কখনো তার জমিতে তিনটি ফসল চাষের কথা ভাবেননি। সিডরের পর থেকে কৃষি বিভাগের পরামর্শে এখন তিনি তার দুই একর জমিতে ভুট্টা, মুগ ডাল ও আউশ ধান চাষ করছেন।
একই গ্রামের আলুচাষি নাজমুল হাসান বলেন, “আমি আগে কোনো দিন আলু চাষ করার কথা ভাবিনি। সিডরের পর গত তিন বছর ধরে আমি আমার আড়াই একর জমিতে আলুর ভালো ফলন পাচ্ছি।”
কৃষি সম্ú্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে শরণখোলায় ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে, যার ফলন হেক্টরপ্রতি নয় টন। গত পাঁচ বছরে উফশী জাতের ধানের চাষ বেড়েছে অনেক। ২০০৮ সালে যেখানে ৫০০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে সেখানে ২০১২ সালে দেড় হাজার হেক্টর জমিতে উফশী ধানের চাষ হচ্ছে।
ওই পরিসংখ্যান অনুযায়ী, সিডরের আগে শরণখোলায় মাত্র পাঁচ হেক্টর জমিতে ভুট্টা ও গম, ৫০ হেক্টর জমিতে আলু এবং দশ হেক্টর জমিতে মুগ ডাল চাষ করা হতো। এখন ৩৫ হেক্টর জমিতে ভুট্টা, ২০ হেক্টর জমিতে গম, একশ হেক্টর জমিতে আলু ও আরো একশ হেক্টর জমিতে মুগ ডাল চাষ করা হচ্ছে। শীতকালীন সব্জি চাষ করা হচ্ছে চারশ হেক্টর জমিতে।
কৃষি বিভাগের আরেক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শরণখোলায় আউশ ধানের উৎপাদন ২০০৯ সালের তুলনায় ২০১২ সালে বেড়ে ৮০০ টন বেড়ে দুই হাজার ৪৩২ টন হয়েছে। ২০১২ সালে বোরো ধান উৎপাদন হয়েছে এক হাজার টন।
এবারের আসন্ন বোরো মৌসুমে বোরো চাষের আওতায় জমির পরিমাণ আরো বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।
বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক হিরেন্দ্রনাথ হাওলাদার বলেন, “সিডরের পর থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন উদ্যোগ এখানকার কৃষকদের নতুন জীবন দিতে সহযোগিতা করেছে।”
কৃষকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে সার, বীজ, ট্রাক্টর ও পাওয়ার টিলার দেয়া হয়েছে। এ ধরনের কিছু উদ্যোগ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১২৪০ ঘ.
bdnews24