ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণে জড়িত থাকার অভিযোগে আরো ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
এই বাহিনীর মুখপাত্র এম সোহায়েল জানান, বুধবার রাতে রাজধানীর জুরাইন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- জাহিদুল হাসান (১৮), মো. আলী ওরফে রিফাত (১৯), কালা চান (৩৫), মো. আলফাজ (১৮), রিজভী আহমেদ অনিক (১৮) ও আবুল কাশেম (৩৩)।
ওই অভিযানে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল হাসান।
পরাগ অপহরণের ঘটনায় বুধবার আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মামুন (৪০) কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা হলেও তাকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান।
পরাগ অপহরণের পর তার দাদি সাবিত্রী মণ্ডল থানায় যে মামলা করেছেন, তা তদন্ত করছেন পরিদর্শক মনির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
“মামুনের বাড়ি শুভাঢ্যা গ্রামে। পরাগের অপহরণের পেছনে মামুন জড়িত- এমন তথ্য আমাদের কাছে রয়েছে।”
শুভাঢ্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিমল মণ্ডলের স্ত্রী, মেয়ে ও গাড়িচালককে গুলি করে গত রোববার ছেলে পরাগকে তুলে নেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আঁটি বাজার এলাকায় অপহরণকারীরা ছেড়ে দিলে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পরাগকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন না থাকলেও তিনদিনের ধকল সামলাতে হয়েছে ছয় বছর বয়সী শিশুটিকে।
পরাগ কবে নাগাদ হাসপাতাল থেকে বাসায় ফিরবে- জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, চিকিৎসক ছাড়পত্র দিলেই পরাগ বাসায় আসবে।
মামুনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “২০০১ সালে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ রয়েছে।”
পরাগের মা গুলিবিদ্ধ লিপি মণ্ডল (৩৩) বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। পরাগের বোন পিনাকি মণ্ডল (১১) হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও গুলিবিদ্ধ গাড়িচালক নজরুল ইসলাম (৩৫) মিটফোর্ডে ভর্তি রয়েছেন।
পরাগকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে র্যাব দাবি করছে, তবে পুলিশ তা নাকচ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১০৩০ ঘ.
bdnews24