ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মাহবুব আলম নামে ছাত্র ইউনিয়নের এক নেতাকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার সহযোগী নির্যাতন চালিয়ে হত্যা করেন বলে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জানিয়েছেন এক সাক্ষী।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিএনপি নেতার বিরুদ্ধে মামলার ষোড়শ সাক্ষী ফায়েজ আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, তিনি শুনেছেন যে সালাউদ্দিন কাদের সহযোগী সৈয়দ ওয়াহিদুল আলমকে নিয়ে তার পৈত্রিক নিবাস গুডস হিলে রেখে মাহবুবুল আলমের ওপর নির্যাতন চালায়; যার ফলে তার মৃত্যু হয়।
ওয়াহিদুল আলম সালাউদ্দিন কাদেরের বাবা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বাধীন মুসলিম লীগে যুক্ত ছিলেন বলে জানান সাক্ষী।
নিজেকে মাহবুব আলমের বন্ধু দাবি করে ফায়েজ বলেন, রাঙ্গুনিয়া কলেজের ভিপি মাহবুবকে জুলাই মাসে একটি চায়ের দোকান থেকে ধরে গুডস হিলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার ওপর নির্যাতন চলে।
মাহবুবকে হত্যার ঘটনাটি কনভেনশন মুসলিম লীগের নেতা হারুন কন্ট্রাক্টরের কাছে শুনেছিলেন বলে জানান এই সাক্ষী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ২০১১ সালের ১৪ নভেম্বর যুদ্ধাপরাধের অভিযোগপত্র দাখিল করা হয়। এর তিন দিন পর অভিযোগপত্র গ্রহণ করে ট্রাইব্যুনাল।
চট্টগ্রামের এই সংসদ সদস্যকে ২০১০ সালের ২০ ডিসেম্বর যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার পাঁচ দিন আগে তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে তদন্ত দল গত বছরের ৩ অক্টোবর তার বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার প্রতিবেদন এবং আট হাজার পৃষ্ঠার তথ্য উপাত্ত প্রসিকিউশন বিভাগে দেয়।
গত ৪ এপ্রিল যুদ্ধাপরাধের ২৩ সুনির্দিষ্ট ঘটনায় অভিযুক্ত করা হয় সালাউদ্দিন কাদেরকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এফএ/এমআই/০০৫৮ ঘ.
bdnews24