মনির হোসেন কামাল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বরগুনা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো ঘূর্ণিঝড় সিডরের ভয়াল স্মৃতি তাড়িয়ে বেড়ায় বরগুনা উপকূলের স্বজনহারাদের।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টায় দেশের দক্ষিণ উপকূলজুড়ে আঘাত হানে সিডর। ঝড় আর জলোচ্ছ্বাস নিয়ে তাণ্ডব ধ্বংসের চিহ্ন রেখে যায় গোটা জনপদজুড়ে।
সিডরে প্রাণ হারিয়েছিলেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। শুধু বরগুনা জেলায় মারা যায় দেড় হাজার মানুষ, গৃহহীন হয়েছিল ৭৭ হাজার ৭৫৪টি পরিবার।
বরগুনার ৩০ হাজার ৪৯৯টি গবাদি পশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯টি হাঁস-মুরগি ভেসে যায়।
সিডরে হতাহতদের স্মরণে জেলা প্রশাসন, জেলা প্রেসক্লাব, প্ল্যান বাংলাদেশসহ বিভিন্ন বেসরকারি সংস্থা কর্মসূচি নিয়েছে।
বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা শহরে শোকমিছিল, পশ্চিম গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সিডরে স্বজনহারা মানুষেরা উপস্থিত থাকবেন বলে জানান সংশ্লিষ্টরা।
এখনো দাঁড়াতে পারেনি উপকূলবাসী
সরকারি, বেসরকারি সংস্থা ও উপকূলবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত খুব কম মানুষকেই পুনর্বাসন করতে পেরেছে সরকার। বেশিরভাগ মানুষের দিন কাটছে চরম দুঃখ-দুর্দশার মধ্যদিয়ে। সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত নলটোনাসহ অন্যান্য এলাকার বেড়িবাঁধ ও আবাসন প্রকল্পগুলো আজও উঁচু করা হয়নি।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, সিডরের জলোচ্ছ্বাসে জেলার ২২টি পোল্ডারের ৮৫০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৫৪ কিলোমিটার স¤পূর্ণ এবং ৩৯৬ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সিডরের পর কিছু স্থানে মেরামত করা হলেও বর্তমানে প্রায় ১০০ কিলোমিটার বাঁধ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানায় পাউবো।
‘সাগর ভেঙে ঢুকে পড়ে পানি’
সিডর সদর উপজেলার নলটোনা গ্রামের তাসলিমা আক্তারের (২৮) বাবা-মা আর ছেলের প্রাণ কেড়ে নেয়। একইভাবে গ্রামের আবদুস সাত্তার (৩৫) সেদিনের প্রবল জলোচ্ছ্বাসের মুখে ধরে রাখতে পারেনি নিজের তিন প্রাণপ্রিয় সন্তান আর স্ত্রীকে। তাদেরকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায় সেই ভয়াল স্মৃতি।
তসলিমা আক্তার আর আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিন রাতে খাওয়া-দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়েছিলেন। বাইরের আবহওয়া ছিল খারাপ। সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
সন্ধ্যা থেকেই তারা শুনছিলেন রেডিওতে বিপদ সঙ্কেতের কথা। তবে তারা বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। গ্রামের অনেকে গেছেন কাছেপিছে আশ্রয়কেন্দ্রে বা স্কুলে।
“রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। কিছু বুঝে ওঠার আগেই উড়িয়ে নিয়ে যায় আশ্রয়, আর সেই সঙ্গে যেন সাগর ভেঙে পানি ঢুকে পড়ে বাড়িঘরে,” বলেন সাত্তার।
পরদিন ভোরের আলো ফুটে উঠতেই তসলিমা ও সাত্তার খুঁজে পান পরিবারের সদস্যদের নিথর দেহ। তবে অনেকের কোনো খোঁজই পায়নি উপকূলবাসী, ভেজা চোখে জানান এই দুজন।
বেসরকারি সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি মনে করেন, সেবার মংলা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে যে সতর্ক সঙ্কেত প্রচার করা হয়েছিল, তা বোঝার উপায় বরগুনার মানুষের ছিল না। রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা দু’এক জায়গায় মাইকিং করলেও বেশির ভাগ জায়গায়ই ছিল না কোনো প্রচার। ফলে মানুষ ছিল অন্ধকারে।
১৯ কবরে ৩৩ লাশ
সিডরে বরগুনা সদরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম নলটোনা। এখানে তখন কোনো বেড়িবাঁধ ছিল না। জলোচ্ছ্বাসে এ গ্রামে প্রায় ২০ ফুটের মতো পানি আছড়ে পড়ে। পরের দিনই সেখানে অর্ধশতাধিক মানুষের লাশ পাওয়া যায়। তখনো এলাকাটি ছিল পানির নিচে।
লাশ দাফনের জন্য স্থান খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। তখন লাশ নিয়ে দাফন করা হয় কিছুটা দূরে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পাশে পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে। দাফনের কাপড় ছাড়াই ৩৩ জনকে ১৯টি কবরে মাটিচাপা দেয়া হয় বলে জানান গ্রামের বাসিন্দারা।
তারা জানান, জায়গার অভাবে ৫টি কবরে ৩ জন করে, ৪টি কবরে ২ জন করে ও আলাদা ১০টি কবরে ১০ জনকে শায়িত করা হয়।
বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা সংগ্রাম স¤প্রতি কবরস্থানটি পাকা করে দিয়েছে।
সারিবদ্ধ কবর দেখে দূর-দূরান্তের মানুষ এখানে এসে থমকে দাঁড়ায়। গ্রামের মানুষদের সারা বছরই স্বজনদের কথা মনে করে এখানে দাঁড়িয়ে নীরবে অশ্রু ফেলতে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০৩৯ ঘ.
bdnews24