বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্কুলছাত্রী সাবিহা সুলতানা সাথী (১৫) আত্মহত্যা মামলায় দুই সাংবাদিকসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী বুধবার তাদের জামিন নাকচ করে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো হয় সাথীর সহপাঠী আল মুজাহিদ পিয়াল (১৬), খুলনার দৈনিক জন্মভূমি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি মোল্লা আব্দুর রব (৫০) ও বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদ (২৮)।
সেইসঙ্গে সাথীর চার সহপাঠী সৈয়দ সীমিন হাসান সীমান্ত (১৬), মানজুল ইসলাম (১৬), মোল্লা আব্দুল হান্নান (১৬) ও জান্নাতুল ফেরদৌস মীমের (১৬) অন্তর্র্বতী জামিনের মেয়াদ বাড়িয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী।
জামিনপ্রাপ্তরা সবাই ২০১৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
এ সাত আসামিই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিন শেষে সবাই বুধবার এ মামলার শুনানিতে আদালতে হাজির হন বলে জানান আসামিপক্ষের আইনজীবী এ কে আজাদ ফিরোজ টিটু।
শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাবিহা সুলতানা সাথীর (১৬) ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ট কিছু ছবি মোবাইল ফোনের মাধ্যমে সহপাঠীদের কাছে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত দুই সাংবাদিক বিষয়টি নিয়ে সাথীর সঙ্গে কথা বলতে যান। সাথীর বাবা এতে আপত্তি জানালে ছবি ও সংবাদ প্রকাশের হুমকি দেন ওই দুই সাংবাদিক। এর জের ধরে গত ২৪ মে স্যাভলন পান করে আত্মহত্যা করে সাথী।
এরপর সাথীর বাবা শেখ আলমগীর হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। গত ১ নভেম্বর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু সিদ্দিক সাত জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৫২ ঘ.
bdnews24