ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও ব্যবস্থাপক তুষার আহম্মেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এবং মুহাম্মদ সাইফুর রহমান বুধবার তাদের জবানবন্দি গ্রহণ করেন।
সকাল ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা তানভীর আহম্মেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন।
বেলা ১টার দিকে বিচারক কেশব রায় চৌধুরীর খাস কামরায় নিয়ে যাওয়া হয় তাকে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিনি জবানবন্দি দেন। পরে তানভীরকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
এ ছাড়া মহানগর হাকিম মুহাম্মদ সাইফুর রহমান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক তুষার আহম্মেদকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগ্রহণ শেষে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
অপর একটি মামলায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএম আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে আট দিনের হেফাজত মঞ্জুর করেছেন মহানগর হাকিম মিজানুর রহমান।
গত ৪ অক্টোবর ঋণ জালিয়াতির অভিযোগে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরকে আসামি করে মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে হল-মার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ কর্মকর্তা রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০৪৮ ঘ.
bdnews24